শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে র‌্যালি ও আলোচনাসভা

বগুড়া প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে র‌্যালি ও আলোচনাসভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিনসহ স্থানীয় সাংবাদিক ও সংগঠনের সদস্যরা অংশ নেন।


বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দৈনিক করতোয়ার সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত স্মারক ফটো এ্যালবামের ম্যাগাজিন আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। ২০০৪ সালে প্রকাশিত এ্যালবামটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন বগুড়ার সমসাময়িক রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সুধীজনদের সাথে উন্নয়ন ও রাজনৈতিক কর্মকান্ডের ১৮৬ পৃষ্ঠায় ৩৭২টি স্থিরচিত্র স্থান পেয়েছে। অ্যালবামের প্রকাশক ও আলোকচিত্রী, দৈনিক করতোয়ার সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক জানান, বিগত সরকারের নানামুখী নিপীড়ন ও হুমকির মুখেও এই ঐতিহাসিক অ্যালবামটি তারা সংরক্ষণ করেছেন এবং ভবিষ্যতেও এর পুনঃমুদ্রণ অব্যাহত থাকবে।


পরে শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন-বগুড়া মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক মো. আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।


অনুষ্ঠানে বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ফটো সাংবাদিক শফিক দীর্ঘ তিন দশক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবনের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। অ্যালবামের অনেক ছবি স্মৃতি হয়ে থাকলেও তা অতীতকে জীবন্ত করে রাখে। একই সাথে সিটি কর্পোরেশনের কাজের গঠনমূলক সমালোচনার মাধ্যমে শহর গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, প্রশাসনের তথ্য প্রাপ্তিতে ফটো সাংবাদিকদের তোলা ছবি বড় ভূমিকা রাখে। তবে বর্তমান সময়ে কেবল ‘ভিউ’ বা জনপ্রিয়তার পেছনে না ছুটে সংবাদ ও ছবি প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই করার ওপর জোর দেন তিনি।


দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক বলেন, “একটি ছবি হাজারটি শব্দের চেয়েও শক্তিশালী।” আশির দশকে নিজের সাংবাদিকতার স্মৃতিচারণ করে তিনি মাঠপর্যায়ের সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান।


বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার ‘ডাগেরিওটাইপ’ নামক প্রথম আলোকচিত্র পদ্ধতিটি বিশ্ববাসীর জন্য উন্মুক্ত ঘোষণা করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয়।#