শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

বাগাতিপাড়া প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন
শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

নাটোরের বাগাতিপাড়ায় জামে মসজিদের জানালার লোহার সঙ্গে আব্দুল মমিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর বাজারসংলগ্ন ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত আব্দুল মমিন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে স্ত্রী মঞ্জুয়ারা বেগমকে মোবাইল ফোনে কল করেন মমিন। কথা বলার একপর্যায়ে তিনি ফোনে কালেমা পড়েন। এরপর তাঁর কণ্ঠস্বর শুনতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে মসজিদের খাদেম বেলাল হোসেন ঝাড়ু দিতে গিয়ে জানালার লোহার সঙ্গে মমিনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মমিনের ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা দেওয়া হলেও আরও টাকার প্রয়োজন ছিল। এ নিয়ে মমিনের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য ও পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের ধারণা, এ কারণেই মমিন আত্মহত্যা করেছেন।


বাগাতিপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।