শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বড়াইগ্রামে বাস কাউন্টারের দখল বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, তিন নেতাসহ আহত ৭

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
বড়াইগ্রামে বাস কাউন্টারের দখল বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, তিন নেতাসহ আহত ৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বনপাড়া পৌর বিএনপির তিন নেতাসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন নেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


আশঙ্কাজনক তিন নেতা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫) ও পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত বিএনপি কর্মী আসলাম শেখ (৫০) কে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত পৌর বিএনপি’র ৯ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হোসেন আলী ফকির সহ ২০/২৫ জন নেতা-কর্মী প্রতিপক্ষের লোকজনদের ধাওয়া করে। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বসে চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষের ৪০/৪৫ জন লাঠি-সোঁটা নিয়ে হোসেন আলী ফকিরসহ সঙ্গীয় নেতা-কর্মীর ওপর একযোগে হামলা চালায়। এতে ৭ জন নেতা-কর্মী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। হামলাকারীরা একই সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে।


ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#