রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কারণ দর্শানো ছাড়াই রাজশাহী জিপিও-তে ১৩ কর্মচারী ছাঁটাইসংবাদ বিজ্ঞপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন
কারণ দর্শানো ছাড়াই রাজশাহী জিপিও-তে ১৩ কর্মচারী ছাঁটাইসংবাদ বিজ্ঞপ্তি

রাজশাহী জিপিও, ঘোড়ামারা প্রধান ডাকঘর এবং আওতাধীন সাব-পোস্ট অফিসগুলোতে দীর্ঘদিন নিরবচ্ছিন্ন সেবা দেওয়া ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে কোনো কারণ দর্শানো ছাড়াই একতরফাভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কর্মচারীরা। ‘বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ’-এর আয়োজনে বুধবার (১৯ আগস্ট) দুপুর ২:৩০ মিনিটে রাজশাহী জিপিও-র প্রধান ফটকে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী সমাবেশ চলাকালে অনতিবিলম্বে (২৪ ঘন্টার মধ্যে) ও নিঃশর্তভাবে ছাঁটাই আদেশ বাতিল করে ভুক্তভোগীদের স্বপদে পুনর্বহালের দাবিতে সিনিয়র পোস্টমাস্টারকে স্মারকলিপি প্রদান করা হয়।


ডাক বিভাগের বঞ্চিত কর্মচারীদের এই আন্দোলনের সঙ্গে তাৎক্ষণিক একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বিএডিসি, রাজশাহী ওয়াসা, রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী বেতার, গণপূর্ত এবং ডাক বিভাগসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের শতাধিক কর্মচারী। তারা “১ নোটিশে বন্ধ হওয়া ১৩ পরিবারের রুটি-রুজি ফিরিয়ে দাও!”, “দাসত্ব নয়, শ্রমের স্বীকৃতি চাই!” এবং “চাই চাকরির নিশ্চয়তা!” সহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তীব্র প্রতিবাদ জানান।


বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ-এর সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনা ও পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ-এর সভাপতি মো. ইকবাল হোসেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, ঘোড়ামারা প্রধান ডাকঘরে দৈ.ম.ভি পোস্টাল অপারেটর (অব্যাহতিপ্রাপ্ত) লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী মো. শামীউল আলীম শাওন, রাজশাহী কোর্ট টাউন সাব পোস্ট অফিসের দৈ.ম.ভি পোস্টাল অপারেটর (অব্যাহতিপ্রাপ্ত) খন্দকার মতিউর রহমান পায়েল, রেশম উন্নয়ন বোর্ডের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী তাসেন আলী প্রমূখ।


অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ভূমি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (রাজশাহী-২), ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, পোস্টমাস্টার জেনারেল (পিএমজি), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার (আরএমপি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই ও ডিজিএফআই) সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরসমূহে প্রেরিত হয়েছে।