নগরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর বাটার মোড় থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মহানগরীর বাটার মোড়ে মিলিত হন। নেতৃবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক। সঞ্চালনা করেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
শোভাযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক শিপলু, সাঈদ আলী, সৈকত। এছাড়াও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, বর্তমান আহ্বায়ক রায়হান রাকিন রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, তারুণ্যের অহঙ্কার দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের সেবায় ও দেশের উন্নয়নে তিনি প্রতিদিন নতুন নতুন কাজ করে যাচ্ছেন। তারা বলেন, নারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য নারীদের দ্বারা পরিচালিত বিআরটিসি বাস মঙ্গলবার থেকে ঢাকা শহরে চলাচল শুরু করেছে। এই উদ্যোগকে দেশের মানুষ সাদরে গ্রহন করেছে বলে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, সরকারের উন্নয়ন ও দেশবাসীর অকুন্ঠ সমর্থন দেখে জামায়াত ও এনসিপি দলের গাত্রদাহ হয়েছে। তারা কথায় কথায় আন্দোলন করছে। দেশবিরোধী এই ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। তারা আরো বলেন, সরকার দেশে মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। এজন্য সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।