শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ঈশ্বরদীতে নবজাতককে দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবার

ঈশ্বরদী প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০২:০০ অপরাহ্ন
ঈশ্বরদীতে নবজাতককে দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবার
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়ি গিয়ে নবজাতক সন্তানকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাহারুল ইসলাম বাবুল নামে এক গাড়িচালক। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত বাহারুল ইসলাম বাবুল (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী মাহাতাব কলোনির মৃত অফিল উদ্দিনের ছেলে। তিনি ঈশ্বরদীর আরআরপি এগ্রোফিড মিলে কাভার্ড ভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ দিন আগে বাহারুলের স্ত্রী তার বাবার বাড়িতে এক কন্যাসন্তানের জন্ম দেন। বুধবার বিকেলে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে পাবনা সদর উপজেলার আটমাইল এলাকায় শ্বশুরবাড়িতে যান বাহারুল। সেখানে নবজাতক কন্যাকে দেখে সন্ধ্যার পর ঈশ্বরদীতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলার ঢুলটি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে বাহারুল ও তার দুই ছেলে সড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাহারুল। পরে স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালক শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।