নগরীতে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের ফটিক সরকারের ছেলে ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) এবং গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের বাবুর ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (২১)-কে গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য আসামি পারভেজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ২টি, দামকুড়া থানায় ১টি ও রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ৮ মে ২০২৫; ২৪ জুলাই ২০২৩; ৩০ আগস্ট ২০২২ এবং ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও আসামি রিফাতের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও একইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর নওদাপাড়া গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে তুষার ইমরান (২৬); মধ্য নওদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রায়হান ইসলাম (২৭); উত্তর নওদাপাড়া (কালুর মোড়) গ্রামের সুরাপের ছেলে মো: সাহারুপ আলী ওরফে রবিন (২২); একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) এবং উত্তর নওদাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে রাব্বি (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ২০০ টাকা ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ছাড়াও আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম একইদিন দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকায় অভিযান চালিয়ে আলীগঞ্জ বাগারপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে মুরাদ হোসেন (৪০)-কে গ্রপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬৩০টাকা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।