রাবি ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক ও একটি শিক্ষার্থী বিনিময় চুক্তি বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাক্ষরিত হয়েছে।
রাবি প্রকৌশল অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর ইয়োশিমুনে নোনোমুরা সমঝোতা স্মারক ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় আইসিটি সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. হাসনাত কবীর ও অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতি বছর ৫ জন করে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, অ্যাকাডেমিক তথ্য বিনিময় এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক যৌথ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষার্থী বিনিময় চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার থেকে এক শিক্ষাবর্ষ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবে এবং হোস্ট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মওকুফ সুবিধা প্রযোজ্য হবে।