শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি পরিণত হলো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৮:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৮:২১ অপরাহ্ন
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি পরিণত হলো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে

পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পরিণত হলো সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম শরিফের ওপর গুলি চালিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশে। 


বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ঈশ্বরদী শহরের রেলওয়ে গেট বাসটার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাজারের সামনে পুরাতন মোটর স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


পথসভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিষ্টু সরকার, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক ফরাজী প্রমুখ।


স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীর শুরুতেই বুধবার রাতে সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম শরিফের ওপর দুর্বৃত্তরা গুলি চালিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করার প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন দলটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত: বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনের সড়কে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের প্রাইভেটকারে গুলি চালিয়ে পথরোধ করার পর তাকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত শরিফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।