শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

পুঠিয়ায় ১৯টি মহিষসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন
পুঠিয়ায় ১৯টি মহিষসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ডাকাত গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় ১৯টি মহিষসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার এ্যামাজন হোটেলের একটি কক্ষ থেকে জুয়েল রানা সানিকে (৪০) গ্রেপ্তার করা হয়। 


বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল তিনটার দিকে র‌্যাব-৫ এর মিডিয়া সেল এই তথ্য জানায়। র‌্যাব-৫, রাজশাহী ও সিপিসি-৩, র‌্যাব-১০ যৌথ অভিযান পরিচালনা করেছে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে- চলতি বছরের গেল ১ জুলাই রাত তিনটার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর হাট থেকে ৩৮টি মহিষ দুইটি ট্রাকে করে রাজশাহী সিটি হাটে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসার পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ায় ১৫-২০ জন ডাকাত একটি ড্রাম ট্রাক দিয়ে মহিষভর্তি ট্রাকটির গতিরোধ করে।


এ সময় ডাকাতরা ট্রাক চালক ও বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি মহিষসহ ট্রাকটি নিয়ে যায়। পরে ভিকটিমদের নাটোরের বড়াইগ্রামের নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ডাকাতদের নিয়ে যাওয়া মালামালের মধ্যে ১৯টি মাঝারি আকারের মহিষ, যার মূল্য আনুমানিক ২৩ লাখ টাকা, একটি ৬ চাকা বিশিষ্ট ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-৪২৭১)। যার মূল্য ২৫ লাখ। সর্বমোট আনুমানিক ৪৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।


র‌্যাব-৫ জানায়, পরবর্তীতে ভিকটিমরা মোবাইল ফোনে বিষয়টি মহিষের মালিককে জানালে তিনি পুঠিয়া থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের এ্যামাজন হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামী জুয়েল রানা সানিকে (৪০) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।