শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ১০টি দল

নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৯:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ১০টি দল

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানারআপ দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। 


বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের খেলাও অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। 


আগামী ২২ আগস্ট (শনিবার) বিকাল তিনটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 


প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২২ আগস্ট বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬। টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 


জেলা প্রশাসক আরও বলেন, মাঠে ফিরুক তারুণ্য, বিকশিত হোক প্রতিভা এবং খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী। তরুণ সমাজকে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনা, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান প্রাধান্য দেওয়া এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহী থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে যারা আগামীতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত  করেন।


এসময় তিনি রাজশাহীর সর্বস্তরের জনসাধারণকে আগামী ২২ আগস্ট মাঠে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন বনাম বাগমারা উপজেলা দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা এবং রানারআপ দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। 

পরে একই স্থানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-১) এ রাজশাহী জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।