রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাবিতে ঝুঁকিপূর্ণ পুরোনো হলে এসি স্থাপনের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
রাবিতে ঝুঁকিপূর্ণ পুরোনো হলে এসি স্থাপনের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঝুঁকিপূর্ণ ঘোষিত শেরে-বাংলা ফজলুল হক হলের রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বর্তমানে হলটির শিক্ষার্থীদের নির্মাণাধীন বিজয়-৭১ হলে স্থানান্তর করা হলেও পুরোনো হলের রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি, শেরে-বাংলা হলের পরিবর্তে বিজয়-৭১ হলের রিডিং রুমে এসি স্থাপন করা হোক।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোর রিডিং রুমে পর্যায়ক্রমে এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রয়োজনীয় বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।


শিক্ষার্থীদের অভিযোগ, শেরে-বাংলা হলের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে হলটির শিক্ষার্থীরা বিজয়-৭১ হলে অবস্থান করলেও সেখানে এখনো ডাইনিং, ক্যান্টিন ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়নি। নতুন হলে মৌলিক সুবিধা নিশ্চিত না করে পুরোনো হলের রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগকে তাই অগ্রাধিকারহীন সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।


শিক্ষার্থীরা দ্রুত বিজয়-৭১ হলে ডাইনিং, ক্যান্টিন ও পানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সেখানে বরাদ্দকৃত এসি স্থাপনের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে শেরে-বাংলা হল সংসদের এজিএস ওমর ফারুক বলেন, নতুন হলে ডাইনিং, ক্যান্টিন ও সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য প্রভোস্ট বরাবর আবেদন করেছি। একই সঙ্গে নতুন হলে বরাদ্দকৃত এসি স্থাপনেরও দাবি জানিয়েছি।


শেরে-বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, রিডিং রুমে এসি স্থাপনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। প্রয়োজনীয় সরঞ্জামও আসেনি। শেরে-বাংলা হলের এসি শেরে-বাংলা হলেই স্থাপন করা হবে। বিজয়-৭১ হলে এসি লাগানোর প্রয়োজন হলে প্রশাসন সিদ্ধান্ত নেবে।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, নতুন হলটি এখনো পুরোপুরি চালু হয়নি এবং রিডিং রুমও প্রস্তুত করা হয়নি। সবকিছু প্রস্তুত হওয়ার পর হল প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত স্থানে এসি স্থাপন করবেন।