শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

পাবনা প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন
পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।


এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর  প্রশাসক খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 


এ সময় তিনি বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।


তিনি আরও বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার ওপর পৌরসভা গুরুত্ব দিচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।


পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কারের পাশাপাশি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। #