নগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে মোটরসাইকেল চালিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার ঘটনায় মো. শফিউল আলম পাভেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীরামপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গত বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শ্রীরামপুর মোড়ের নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে ট্রাফিক বিভাগের সার্জেন্টসহ আরএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হেলমেটবিহীন এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে তিনি তা অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যান।
ঘটনার পর কর্তব্যরত সার্জেন্টসহ অন্য পুলিশ সদস্যরা আহত কনস্টেবলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, ঘটনার পর রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ও সিসিটিভি ইউনিটের সহায়তায় মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়। তিনি পাবনার সুজানগর থানার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল গনি খাঁর ছেলে এবং বর্তমানে রাজশাহীর বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকায় বসবাস করেন। ঘটনার সময় তিনি হেলমেট ও নিবন্ধনবিহীন হাংক-১৫০ সিসি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
এ ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বাদী হয়ে শফিউল আলম পাভেলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।