শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

রাজশাহী কলেজে দেড়শ বছর পূর্তি উদযাপন হবে ঐক্য ঐতিহ্যের: ভূমিমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
রাজশাহী কলেজে দেড়শ বছর পূর্তি উদযাপন হবে ঐক্য ঐতিহ্যের: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজের সব সাবেক ও বর্তমান শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে দেড়শত বর্ষ উদযাপন করতে হবে। এ আয়োজন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। যার মাধ্যমে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে মন্তব্য করেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।


তিনি বলেন, এ কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত।


শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী- ৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন।


সভায় উপস্থিত ছিলেন, দুদক সচিব মো. সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, সাবেক স্বরাষ্ট্র সচিব এস.এম. জহুরুল ইসলাম, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমানসহ কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।


সভায় ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের মধ্য দিয়ে রাজশাহী কলেজ বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে। দেশ-বিদেশে থাকা সব সাবেক শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এতে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে মহাদেশ ভিত্তিক অ্যালামনাসদের নিয়ে কমিটি করে ঐতিহাসিক এ মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে হবে।


মন্ত্রী বলেন, কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য তৈরি করা হবে। এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত। তাই দেড়শত বর্ষ উদযাপন হবে রাজশাহী কলেজ পরিবারের সব প্রজন্মের এক মহামিলনের উৎসব।


মন্ত্রী আরও বলেন, সরকারের সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।