শনিবার, আগস্ট ২২, ২০২৬

মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বিকল্প নেই : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট ২০২৬ ১২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট ২০২৬ ১২:১১ অপরাহ্ন
মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বিকল্প নেই : জেলা প্রশাসক

সুস্থ শিশুর বেড়ে ওঠার গল্প শুরু হয় মায়ের সচেতনতা থেকে, আর সুস্থ ভবিষ্যতের ভিত গড়ে ওঠে কৈশোরেই। নিরাপদ মাতৃত্ব, শিশুর পুষ্টি, টিকাদান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন—দৈনন্দিন জীবনের এসব অভ্যাসই একটি পরিবারকে নানা স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারে। তাই মা ও কিশোরীদের মধ্যে এসব বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে আয়োজন করা হয়েছে স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ব্যতিক্রমধর্মী ১০টি বুট ক্যাম্প।


শনিবার (২১ আগস্ট) সকালে নগরের মহিষবাথান এলাকার মিশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ বুট ক্যাম্পের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। ১০টি বুটে ২৫ জন করে মোট ২৫০ জন মা ও কিশোরী অংশ নেন। তাঁদের মধ্যে ০–৫৯ মাস বয়সী শিশুর ১০০ জন মা এবং ১৫০ জন কিশোরী ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।


তিনি বলেন, “মা ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা শুধু চিকিৎসার ওপর নির্ভর করে না; মায়ের পুষ্টি, শিশুর সঠিক পরিচর্যা, টিকাদান, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশনের মতো বিষয়গুলোর সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে।” জেলা প্রশাসক আরও বলেন, “কৈশোর হচ্ছে একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ সময়।


এ সময়ে কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া গেলে ভবিষ্যতে তারা নিজেদের পাশাপাশি একটি সুস্থ পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।” তিনি আরও বলেন, “এ ধরনের বুট ক্যাম্পে শুধু তথ্য দেওয়ার পরিবর্তে হাতে-কলমে শেখানোর সুযোগ তৈরি হচ্ছে। এতে মা ও কিশোরীরা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাসগুলো কীভাবে চর্চা করতে হবে, সে বিষয়ে বাস্তব ধারণা পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।”


উদ্বোধনের পর জেলা প্রশাসক ক্যাম্পের প্রতিটি বুট ঘুরে ঘুরে দেখেন এবং সেখানে পরিচালিত স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও নিরাপদ জীবন-যাপন বিষয়ক হাতে-কলমে কার্যক্রম সম্পর্কে জানতে চান। এ সময় তিনি অংশগ্রহণকারী মা ও কিশোরীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। বুট ক্যাম্পগুলোতে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন, শিশুর যত্ন, কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে বিভিন্ন তথ্য ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।


অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে নিজেদের দৈনন্দিন জীবনে এসব অভ্যাস বাস্তবায়নের বিষয়ে ধারণা নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।