জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাসকট প্রবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক এমপি, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ সময় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দল এবং জেলার ৯ উপজেলার ৯টি দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাগমারা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন দল।