বদলগাছীতে পেট্রোল ছুঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, দুইজন দগ্ধ
নওগাঁর বদলগাছীতে চলন্ত পথে পাখি নামে একজনের শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন অগ্নিদগ্ধ হয়েছে। পেট্রোল ছুড়ে পালিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী টুটুলকে গণধোলাইয়ের পর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামে।
অলিসহ গ্রামবাসী জানান, কয়াভবানীপুর গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে সন্ত্রাসী আসাদুজ্জামান টুটুল একই গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে পাখির সঙ্গে বদলগাছী যায়। সেখান থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরে আসার পথে পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির নিকট পৌঁছিলে মোটর সাইকেলের তেল ফুরিয়ে যায়। পাখি গাড়ি বন্ধ করে নিচে নামার সঙ্গে সঙ্গে টুটুল পাখির শরীরে বোতলে লুকিয়ে রাখা পেট্রোল ঢেলে দিয়ে আগুন জে¦লে দেয়। পাখিকে বাঁচাতে পাশের বাড়ির নারী এগিয়ে আসলে সেও দগ্ধ হয়। পাখিকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অগ্নিদগ্ধ নারী নওগাঁ সদরে ভর্তি রয়েছে।
জানা গেছে, পাখি মাদক মামলার সাক্ষী হওয়ার অপরাধে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী টুটুলকে স্থানীয় জনগণ আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এলাকাবাসী আরো জানান, কয়েক দিন থেকে সে যাকে তাকে হুমকি দিচ্ছিল। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন বলেন, আসামী আটক রয়েছে। ভিকটিম চিকিৎসাধীন আছে। এখনো কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।