শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাশিয়ার পতাকা দিবসে রূপপুরে রুশ নাগরিকদের শোভাযাত্রা

ঈশ্বরদী প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
রাশিয়ার পতাকা দিবসে রূপপুরে রুশ নাগরিকদের শোভাযাত্রা

রাশিয়ার জাতীয় পতাকা দিবস পাবনার ঈশ্বরদীতে পালন করেছে এখানে বসবাসরত রাশিয়ান নাগরিকরা। শনিবার (২২ আগস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলকা গ্রিন সিটি এলাকায় রুশ নাগরিকরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।


শনিবার গ্রিন সিটির অভ্যন্তরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত প্রকৌশলী রুশ নাগরিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় রাশিয়ার জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।


রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রূপপুর প্রকল্পে রাশিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। সে দেশের বিপুল সংখ্যক নাগরিকরা গ্রিন সিটিতে রাশিয়ার বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক দিবস পালন করে থাকে। রাশিয়ার জাতীয় পতাকা দিবস প্রতিবছর ২২ আগস্ট পালিত হয়। সাদা, নীল ও লাল রঙের তিন রঙের পতাকাটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতীক। রুশ নাগরিকদের বরাত দিয়ে তিনি জানান, ১৯৯৪ সালে রাশিয়ায় ২২ আগস্টকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি দেশটির জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় প্রতীকের প্রতি সম্মান জানানোর দিন হিসেবে পালিত হয়ে আসছে।