বনাঞ্চল ছেড়ে মানুষের বাড়িতে বানর
বন-জঙ্গল ছেড়ে নগরীর জনবহুল এলাকায় হানা দিয়েছে একটি বুনো বানর। জনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ একটি বুনো বানরের আগমন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই এলাকার শিশুসহ অভিভাবকরা শিশুরা আতঙ্কিত হয়ে পরেছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে দেখা মিলে এই বানরের। রাজশাহী মহানগরীর দেবীশিংপাড়া মসজিদ সংলগ্ন বানরটি অবস্থান করছে। ওখানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান বাড়ি। তার বাড়ির আশেপাশে থাকছে এই বানর।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান বলেন, আমার নাতি দুপুরে পড়তে যাওয়ার সময় বাসার দরজার বাইরে বানরটিকে বসে থাকতে দেখে। এরপর থেকে বানরটি কখনও ভবনের বাইরের অংশে, আবার কখনও এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে লাফালাফি করে ঘুরে বেড়াচ্ছে। বানরটি কাউকে সরাসরি আক্রমণ বা কোনো ক্ষতি না করলেও, খাবারের কাছে গেলে দাঁত খিঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে।
তিনি জানান, বানরটিকে শসা, কলা ও ঢেঁড়স খেতে দেওয়া হয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী চলে আসায় আশপাশের বাসিন্দাদের মধ্যে কিছুটা ভয় ও উদ্বেগ কাজ করছে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে আসার আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এসে পৌঁছায়নি। বানরটিকে নিরাপদে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
এবিষয়ে কথা বলার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মোস্তারিকে কল দিলে তিনি ধরেননি।
বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এই বানর কয়েকদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে। এই বানরটি কয়েকদিন আগে বিনোদপুর এলাকায় দেখা গিয়েছিল। এরপর হয়তো সে বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকেছে। বানরটি দলছুট হয়ে এসেছে। এটা ভারত থেকেও আসতে পারে।
তিনি আরও বলেন, এই বানর নিয়ে ভয়ের কিছু নেই। খাওয়ার কারণে সে লোকালয়ে গেছে। খাবার পেলে ওইখানেই থাকবে। বিরক্ত করলে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবে।