রিকশাচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি
রাজশাহী নগরীতে রিকশাচালক পলাশ হালদারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাতা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে নিহত পলাশ হালদারের স্ত্রী শিল্পী হালদার, মেয়ে পূজা হালদার ও ছেলে প্রীতম হালদারসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় ১১ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মহল্লার সভাপতি রিপন, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি শান্ত এবং মন্দিরের সাবেক সভাপতি জিতু হালদার উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা পলাশ হালদার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, পলাশ হালদার হত্যার ঘটনায় তারা ন্যায়বিচার চান। হত্যাকারীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীও পলাশ হালদার হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১২ আগস্ট রাতে রক্তচাপ মাপার জন্য পলাশ হালদার মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। এ সময় তার রিকশা রাখার জন্য সেখানে যানজট সৃষ্টি হয়। তখন পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারিরা তাকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির পলাশকে মারধর করা হয়। পলাশকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর তার স্ত্রী শিল্পী হালদার হত্যা মামলা দায়ের করেন।