শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এক হাজার ৮০০ শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
একটি স্কুল ব্যাগ কখনো কখনো শুধু বই-খাতা বহনের মাধ্যম নয়, হয়ে ওঠে একটি শিশুর স্বপ্ন বহনের সঙ্গী। রঙ পেন্সিল, খাতা আর পেনসিলের মতো ছোট ছোট শিক্ষা উপকরণই শিশুর মনে পড়াশোনার প্রতি তৈরি করতে পারে নতুন আগ্রহ ও সৃজনশীলতার দরজা। সেই ভাবনা থেকেই রাজশাহীতে এক হাজার ৮০০ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। সোমবার (২৪ আগস্ট) সকালে নগরীর সিটি চার্চে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)।
প্রতিটি নির্বাচিত শিশুকে দেওয়া হয় একটি করে শিক্ষা উপকরণ প্যাকেজ। এতে ছিল একটি স্কুল ব্যাগ, একটি পেন বক্স, এক বক্স রঙ পেন্সিল, একটি শার্পনার, দুটি ড্রয়িং খাতা ও একটি পেন্সিল। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মুনজুরুম কাদির ও শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোসা. শারমিন আক্তার সুরভী ও অর্জুন রায়সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিবন্ধিত শিশু ও তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করা শুধু শিক্ষা উপকরণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিবেশও নিশ্চিত করতে হবে। শিক্ষা উপকরণ শিশুদের পড়াশোনার প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, একটি স্কুল ব্যাগ বা রঙ পেন্সিলের মতো উপকরণ শিশুর কাছে আনন্দের হলেও এর তাৎপর্য আরও গভীর। এসব উপকরণ তাদের শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার সাহস তৈরি করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের সৃজনশীল বিকাশে সহায়তার প্রত্যয় ব্যক্ত করা হয়।