সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পদ্মায় পানি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক ২৪ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৪ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
পদ্মায় পানি বাড়ছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাজশাহীর পদ্মা নদীতে প্রতিদিন পানি বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে উঠেছেন রাজশাহীর বিভিন্ন চরাঞ্চলের মানুষ। পানির তোড়ে পাড় ভাঙতে দেখে তারা বন্যার আশঙ্কা করছেন। যদিও নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। তবে এভাবে পানি বাড়তে থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, প্রতিদিনই পদ্মার পানি তিন-চার সেন্টিমিটার করে বাড়ছে। সোমবার দুপুর তিনটায় রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক ৫৫ মিটার। যা কয়েকদিনের চেয়ে বেশি। এক মাসের ব্যবধানে তিন সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 


এনামুল হক বলেন, রাজশাহী অঞ্চলে পদ্মার পানির বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটার। এখন প্রতিদিন পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এখনই পদ্মার বুকের জেগে ওঠা বেশিরভাগ চর তলিয়ে যেতে লেগেছে। এসব চরে মানুষের বসতি না থাকলে গবাদি পশু পালন হতো। পানি বিপদসীমা অতিক্রম করলে যেসব চরে বসতি রয়েছে সেগুলোতে পানি ঢুকবে।


এদিকে নদীতে পানি বৃদ্ধির কারণে জমে উঠেছে নৌকা ভ্রমণ। রাজশাহী নগরীর টি-বাঁধ ও বড়কুঠিসহ বিভিন্ন স্পটে রাখা আছে সারি সারি নৌকা। ভ্রমণ পিপাসুদের নিয়ে মাঝিরা নৌকা ছাড়ছেন ভরা পদ্মায়। মাঝিরা জানিয়েছেন, বছরের বেশিরভাগ সময় নদীতে পানি কম থাকায় তাদের নৌকা তেমন চলে না। তবে ভরা মৌসুমের কয়েকটা মাস তারা নৌকা চালিয়ে বেশ ভালোই আয় করেন।