নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও চন্দ্রিমা থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে এসকাফ সিরাফ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা আনুমানিক পৌনে ১২টায় দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের ডাগু মন্ডল ওরফে ডাবু ছেলে তুষার আলী (২৮) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাফ উদ্ধার করা হয়।
চন্দ্রিমা থানা পুলিশ একইদিন বেলা সাড়ে ১০টার দিকে শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিরোইল কলোনী পশ্চিমপাড়া কানার মোড় গ্রামের কাজিম লুটুর ছেলে রাজু (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পূর্বের ৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২ ফেব্রুয়ারি ২০২৬; ২৭ সেপ্টেম্বর ২০২৩ এবং ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।
এছাড়াও ২৩ আগস্ট রাত আনুমানিক পৌনে ১০টায় দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আলিফ (১৯) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে আলিফকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।