নগরীতে চোরাই মালামালসহ ১ ব্যক্তি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে চোরাই মালামালসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ আগস্ট থেকে ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ১৮৫ নম্বর বাসার বেলকনি ও জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোর/চোরেরা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চন্দ্রিমা থানায় এজাহার দায়ের করলে থানা পুলিশ তা আমলে নিয়ে চুরির মামলা রুজু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে তালাইমারী পুলিশ ফাঁড়ি চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার আমতলী থানার তারিকাটা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে বর্তমানে জামালপুর এলাকায় বসবাসরত মো: আতিকুল ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অপর আসামি মিলন কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামি আতিকুলের হেফাজত থেকে ৬টি ফুলহাতা শার্ট, ১টি টেবিল মেট, ১টি বিছানার চাদর, ১টি পায়জামা ও ৩টি বালিশের কভার জব্দ করা হয়। এছাড়া, আসামি আতিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মিলনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৯টি শাড়ি, ৪টি বোরকা, ৬টি থ্রি-পিস, ৬টি বিছানার চাদর, ৪টি ওড়না ও ১টি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আতিকুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে পলাতক আসামি মিলনকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।