ঈশ্বরদীতে বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে দুই দফায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল
পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে দুই দফায় বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট জিরো পয়েন্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি স্থগিত করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। দীর্ঘদিন ধরে যারা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া নিতে হবে। রোববার রাতেও একই দাবিতে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি এই পক্ষের নেতাকর্মীরা।
জানা গেছে, গত শনিবার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে পাবনা জেলা বিএনপি। সেখানে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক পদে মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব করা হয় শরিফুল ইসলাম তুহিনকে। এছাড়াও ঈশ্বরদী পৌর বিএনপিতে মাহ্বুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব ঘোষনা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই ঈশ্বরদীতে পদবঞ্চিত ও বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কমিটিতে দলের প্রকৃত ত্যাগীদের বাদ দিয়েই সুবিধাবাদীদের মূল্যায়ন করা হয়েছে মর্মে অভিযোগ তুলে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তার কুশপত্তলিকা দাহ করেন বিএনপি’র বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বিষ্টু কুমার সরকার, আনোয়ার হোসেন জনি, খোন্দকার আমিরুল ইসলাম, সাহাব উদ্দিন সেন্টু সরদার, মনিরুজ্জামান টুটুল সরদার, জাহাঙ্গীর হোসেন, মো. নান্নু রহমান, ইলিয়াস হোসেন খাঁন এলবাস, মনিরুল ইসলাম সাবু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবকদল নেতা মাহামুদুর রহমান ফুল জুয়েল, আওয়াল কবীর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিসাদ, মাহমুদুল ইসলাম শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জনি বলেন, বিএনপির পরীক্ষিত ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এক পক্ষকে সাথে নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঈশ্বরদীর বিএনপির নেতাকর্মীরা মানে না। অবিলম্বে এই কমিটি বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী আহমেদ এর কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হবে।