রাবি কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে চিনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফররত চিনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা এসব অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অবকাঠামো লক্ষ্য করেন।
পরে তাঁরা বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। এসময় তাঁদের বিভাগসমূহের কোর্স-কারিকুলাম ও প্রাসঙ্গিক বিষয়ে অবহিত করা হয়। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদসহ বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস শিক্ষাধারায় চীনা বিশ্ববিদ্যালয়ের সাথে রাবির সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত হয়।
সেখানে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, চিন বাংলাদেশের ভালো বন্ধু দেশ। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে তাঁরা বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। রাবি এই সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চিনের সাথে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা আছে। আমাদের এই সুযোগ গ্রহণ করে কৃষি বিজ্ঞানে রাবিকে এগিয়ে নিতে হবে। সে লক্ষ্যে বিভাগসমূহের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান।