বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

শিবগঞ্জে পাঁচ দিন পর নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ২৭ আগস্ট ২০২৬ ১২:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ২৭ আগস্ট ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
শিবগঞ্জে পাঁচ দিন পর নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর মো. রুমন (২৩) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেশিবগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংড়া বিল এলাকার একটি আখখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।


নিহত রুমন শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের একরামুল হকের ছেলে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে অটোসহ নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তাঁর স্ত্রী নাজমা সুলতানা ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।


পরে পুলিশ অভিযান চালিয়ে অটোসহ মো. ওয়াসিম (৩০), রফিকুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২৯) নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


নিহত রুমনের স্ত্রী নাজমা সুলতানা অটো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁর স্বামীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। উদ্ধার করা লাশের পোশাক, বেল্ট ও স্যান্ডেল দেখে তিনি সেটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সিংড়া বিল এলাকার একটি আখখেত থেকে রুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা লাশটি রুমনের বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।


তিনি আরও বলেন, রুমনের স্ত্রী বাদী হয়ে অপহরণের মামলা করেছিলেন। তদন্তের পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।