বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন

রাবি প্রতিবেদক ২৭ আগস্ট ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৭ আগস্ট ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।

কমিটির প্রধান হিসেবে রয়েছেন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে  উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, “তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে পুরো ঘটনাটি খতিয়ে দেখবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, “সংঘর্ষের ঘটনায় মোট চারজন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে মাথা ও চোখে আঘাত নিয়ে দুজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”


এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে নবাব আবদুল লতিফ হলের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে দুই বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


এ ঘটনায় রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।