শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

আত্রাইয়ে সাত রেমিট্যান্স যোদ্ধার একসাথে জানাজা অনুষ্ঠিত

তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৬ ০১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
আত্রাইয়ে সাত রেমিট্যান্স যোদ্ধার একসাথে জানাজা অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের সাত রেমিট্যান্স যোদ্ধার একত্রে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে তাদের জানাজা হয়। এতে  স্থানীয় সাংসদ শেখ মোঃ রেজাউল ইসলাম , নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমসহ হ্জার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।   বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাই থানা চত্বরে এসে পৌঁছায়।


এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, সকাল ১০ টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে সাত মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া বাকী   চার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে প্রেরণ করা হয়েছে। আশাকরি অল্প সময়ের মধ্যেই তাদের দেশে আনা সম্ভব হবে।


প্রসঙ্গত, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এ উপজেলার ১১ জন প্রাণ হারান। পরবর্তীতে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে আনা হয়।


শনাক্ত হওয়া সাত জন হলেন— উদনপৈ গ্রামের  ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।