চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এই শিশুদের একসঙ্গে গোসলে গিয়ে মৃত্যু হয়েছে, তাদের জানাজা ও দাফনের আয়োজনও হয়েছে একই গোরস্থানে। চরচাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খুঁড়ে তাদের সমাহিত করা হয়।
স্থানীয় বাসিন্দা ও কবর খননকারীরা জানান, এমন হৃদয়বিদারক দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, চর চাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয়রা জানান, শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। চর চাকলা গ্রামের বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের মানুষ জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। তারা পানিতে ডুবে যাওয়ার বিষয়টি প্রথমে কেউ জানতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের জন্য নদীতে নামেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের এই নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি পানিতে পূর্ণ হয়ে যায়। অন্য সময় নদীটিতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে চাষাবাদ করা হয়।
সম্প্রতি কয়েক দিনের বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় মরা পাগলা নদীতেও পানি বেড়েছে। শুক্রবার দুপুরে শিশুরা ওই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
শুক্রবার বাদ মাগরিব একসঙ্গে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয়রা মৃত অবস্থায় শিশুদের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ গুলো দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফজাল হোসেন রাজন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুর খবর পেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনায় ঘটনাস্থলে এসেছি।
প্রাথমিকভাবে শিশুদের দাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামীতেও স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের পাশে থাকবে। এ সময় প্লাবিত এলাকার অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।