সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের প্রস্তুতি, নগরীতে দুই যুবক গ্রেফতার
রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনই ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কিউটের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি যাচাই করে তাতে রাজশাহী মহানগর পুলিশের মনোগ্রাম ব্যবহার এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার এস এম হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় দণ্ডবিধির ধারায় সাতটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দণ্ডবিধির ধারায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
আরএমপির দাবি, কিউটের কাছ থেকে উদ্ধার করা ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনটি ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এ ধরনের প্রতারণা ও অপরাধ থেকে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। বিশেষ করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।