গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে ছয় কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর রিফুজিপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন (২৮) এবং একই উপজেলার একবরপুর জাব্বার বিটোলা গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. জসিম আলী (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছয়ঘাটি গ্রামের মাসুদ রানা (৬০) এর আমবাগানের সামনে পাকা রাস্তার ওপর দুই ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি নিবন্ধনবিহীন একটি এপাচি টিভিএস ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের হেফাজতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, হবিগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।