শনিবার, আগস্ট ২৯, ২০২৬

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ তালগাছের চারা রোপণ করা হয়েছে। দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় রুয়েটের গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয় উক্ত কর্মসূচির।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার ও সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব। সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ। পরিচালনা করেন আইসিটিইএসবি এর মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।


এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মোঃ লাবলু ও আফ্রিদী খান সহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। তালগাছের চারা রোপণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)।