সরবরাহ বাড়লেও স্বস্তি নেই কাঁচাবাজারে
টানা কয়েক সপ্তাহের ঊর্ধ্বগতির পর রাজশাহীর কাঁচাবাজারে অবশেষে নামতে শুরু করেছে শাকসবজির দর। আড়তগুলোতে স্থানীয় মোকামে কাঁচা পণ্য পর্যাপ্ত পরিমাণে ঢুকতে শুরু করলেও বাজারে স্বস্তি পাওয়া যাচ্ছে না। কেজিপ্রতি বিভিন্ন সবজিতে দাম কমেছে প্রায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
শুক্রবার (২৮ জুলাই) সকালে নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও কোর্ট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকায়। মসলার বাজারে পেঁয়াজের প্রতি কেজির খুচরা মূল্য দাঁড়িয়েছে ৪৫-৫০ টাকা। তবে রসুন ও আদার বাজারে বেশ চড়া ভাব লক্ষ্য করা গেছে। আমদানিকৃত রসুন ১৯০ থেকে ২০০ টাকা এবং আদা ১৩০ - ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খুব একটা লক্ষণ নেই। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। কাঁচকলা এক হালি ৩০ থেকে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা। ছোট লাউ প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। অন্যান্য সবজির মধ্যে কাঁচা পেপে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটল ৩০ থেকে ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়শ ৩০ থেকে ৪০ টাকা কেজি, কাঁকরোল ৫৫থেকে ৬০টাকা কেজি, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৫০ থেকে ৫৫ টাকা কেজি, ধুন্দল ৪০ থেকে ৪৫ টাকা কেজি প্রতি। শাকের বাজারে লালশাকের প্রতি কেজি ১৫ থেকে ৩০ টাকা এবং পুঁইশাক ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা সাজিদ বলেন, অনেক কিছুর দাম কমেছে আবার অনেক বাম বেড়ে গেছে। কিন্তু মানুষ মনে করছে সব কিছুর দামই কমে গেছে। কিন্তু যেইটা আমরা বেশি দামে কিনছি ওইটা চাইলেও কমে দিতে পারি না লোক এইটা বুঝে না।
আমিষের বাজারে মাছ ও মাংসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। তেলাপিয়া মাছ ২০০ -৩০০ টাকা কেজি, পাবদা মাছ ৩৫০ - ৪০০ টাকা কেজি, কই মাছ ২০০ - ২৫০ টাকা কেজি, সিলভার কার্প মাছের দাম ১৭০ থেকে ২০০ টাকা কেজি এবং পাংগাস মাছের দাম ১৭০ থেকে ২৩০ টাকা প্রতি কেজি। এছাড়াও বাজারে ২ কেজির ঊর্ধ্বের বড় রুই মাছের খুচরা মূল্য প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং সাধারণ মানের রুই ২৫০ থেকে ৩০০ টাকা। বড় কাতল মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ কাতল ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্তের পছন্দের তালিকায় থাকা ইলিশ মাছ (মাঝারি ৫০০-১০০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ২৫০০ টাকা কেজিতে।
মাংসের বাজারে গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংসের দামের বর্তমান রেকর্ড ১১৫০ থেকে ১২০০ টাকায় পৌঁছেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং দেশি মোরগ-মুরগি ৪৮০ থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকা । লাল ডিম ৪৫ টাকা হালি, সাদা ডিম ৩৫ টাকা হালি এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকা ।