২৬ নম্বর ওয়ার্ডে যুবদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন
রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাইমের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ভদ্রা সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২৬ নম্বর ওয়ার্ডে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান পর্যাপ্ত না থাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের একটি দৈনন্দিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান এলাকায় এলে বাসিন্দারা ময়লা দিতে পারলেও ভ্যান চলে যাওয়ার পর জমে থাকা বর্জ্য ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে ভোগান্তি তৈরি হতো। কোথাও কোথাও যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ নোংরা হওয়া, দুর্গন্ধ সৃষ্টি ও পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। তিনি বলেন, যুবদল সবসময় সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৬ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাইমের ডাস্টবিন স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে মানুষের মধ্যে যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সচেতনতা তৈরি হবে।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিপ্লব রহমান নাইম শুধু এখন নয়, বিগত সময়েও মানুষের পাশে থেকে কাজ করেছেন। করোনাকালীন সংকটের সময়ও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনে তিনি ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তার সেবামূলক কাজ যেন আরও বেগবান হয়, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
মহানগর যুবদল কমিটির সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাইম বলেন, আমি এই ওয়ার্ডেরই একজন মানুষ। এখানকার মানুষের সমস্যা আমারও সমস্যা। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করার চেষ্টা আগেও করেছি, ভবিষ্যতেও করে যেতে চাই। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর ময়লা ফেলা নিয়ে মানুষের যে সমস্যা হতো, সেটি বিবেচনা করেই বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।