রাজশাহীতে লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক
মানবসেবার অঙ্গীকার নিয়ে রাজশাহীতে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের নতুন ক্লাব ‘লায়ন্স ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল’। গত শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী নগরের একটি অভিজাত হোটেলে ক্লাবটির চার্টার উপস্থাপন ও অভিষেক অনুষ্ঠানে নতুন সদস্য ও কর্মকর্তারা শপথ নেন।
পরে নগরের জামিয়া সিদ্দিকিয়া (চণ্ডীপুর মাদ্রাসা) ও এতিমখানায় ৩৪৭ জন দুস্থ ও এতিমের মধ্যে চাল, ডাল, মুরগি, তেলসহ পুষ্টিকর খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আরসি হেডকোয়ার্টার (ক্লাবস) এ কে মাসুদ। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। তিনি বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য মানুষের সেবা করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নতুন ক্লাবটি রাজশাহীতে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। লায়ন্সের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা এবং সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা।
এ ছাড়া কেবিনেট সেক্রেটারি লায়ন এনায়েতুল্লাহ শফি, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মুনির তিয়াশাসহ লায়ন্সের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান লায়ন এমরান ফারুক মঈন রানা। ২০২৬-২৭ মেয়াদের ক্লাব কর্মকর্তাদের শপথ পাঠ করান জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী। চার্টার প্রেসিডেন্ট হিসেবে লায়ন মো. মাহমুদুর রহমান সবুজ, সেক্রেটারি লায়ন আনোয়ারুল ইসলাম জয়, প্রথম ভাইস প্রেসিডেন্ট সাদাকাত আলী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট শামীমা আক্তার এবং ট্রেজারার মোহাম্মদ আমানুল্লাহ বিন আক্তার আবিদসহ ১৩ জন কর্মকর্তা শপথ নেন।