পত্নীতলায় শীর্ষ মাদক ব্যবসায়ী দম্পতি আটক, মাদকদ্রব্য উদ্ধার
নওগাঁর পত্নীতলায় ৮১৭ (আটশত সতের) পিস অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ এলাকার শীর্ষ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশের সদস্যরা।
পত্নীতলা থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান গত ২৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামরামপুর (দেওয়ালকুড়ি) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৮১৭ (আটশত সতের) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারির সাথে সম্পৃক্ত থাকার অভিযুক্ত মৃত এরফান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী ডলি খাতুন (৩৫) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, তারা (মাদক কারবারি) বেশ কিছুদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক বলেন, ‘এলাকায় মাদক কারবারি ডিলার খ্যাত আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
ওসি নিয়ামুল আরও বলেন, ‘আজ রোববার মাদক কারবারি দম্পতিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’