বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।


পারিবারিক সূত্রে জানা গেছে, ড. এম. এনামুল হক কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা।


বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


ড. এম. এনামুল হকের জন্ম রাজশাহীর গোদাগাড়ীতে। ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি। কর্মজীবনে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অবসরের আগে তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য ছিলেন।


তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।


ড. এম. এনামুল হকের বড় ভাই ব্যারিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি রাজশাহী-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেননি। ওই নির্বাচনে বিএনপি ড. এম. এনামুল হককে রাজশাহী-১ আসনে প্রার্থী করে।


সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে প্রার্থী ছিলেন ড. এম. এনামুল হকের আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বর্তমানে তিনি নেসকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


পারিবারিক সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে সাবেক পুলিশ প্রধান ড. এম. এনামুল হককে দাফন করা হবে।