বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

সৌদিতে মৃত প্রবাসীর লাশ দেশে দ্রুত আনতে পরিবারের আকুতি

পত্নীতলা প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
সৌদিতে মৃত প্রবাসীর লাশ দেশে দ্রুত আনতে পরিবারের আকুতি

সৌদি আরবে মারা যাওয়া নওগাঁর পত্নীতলার নাগরিক প্রবাসী শ্রমিক আবু সাইদের (৩৫) লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ও দুই দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছে অসহায় পরিবার। 


জানা যায়, উপজেলার পাটিচরা ইউনিয়নের হেলেঞ্চাডাঙ্গি গ্রামের আবু তালেব ও সাহেরা বিবির একমাত্র ছেলে আবু সাইদ গত ২৩ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দায় ইন্তেকাল করেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসীর লাশ ফিরিয়ে আনতে গত ২৫ আগস্ট তারিখে সরকারের হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করে পরিবারের পক্ষে চাচাতো ভাই মেহেদী হাসান। 


আবু সাইদের স্ত্রী কারিমা খাতুন সোনার দেশকে বলেন, ‘ঋণের বোঝা নিয়ে প্রবাসে গিয়ে মারা গেছে আমার স্বামী। সরকারের হস্তক্ষেপ কামনা করি লাশ ফিরিয়ে আনতে এবং ঋণ মওকুফ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি নিকট আকুল আবেদন জানাই।’


আবু সাইদের লাশ শেষবারের মতো দেখতে আকুতি জানাচ্ছেন পিতা-মাতা ও একমাত্র কন্যা সামিরাতুন জান্নাত (১১) সহ স্বজনরা। নিজ জন্মভূমিতে তাকে দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন।


সৌদি শ্রমিকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে যুব অধিকার পরিষদের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নাদিব জুঁহি আল সাফি। লাশ দ্রুত ফিরিয়ে আনতে অসহায় পরিবারকে ধৈর্য ধরতে সমবেদনা জানিয়েছেন। এ বিষয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক (নুর) কে অনুরোধ জানিয়েছেন। প্রবাসীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী। 


পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা সোনার দেশকে বলেন, ‘বিষয়টি জানা ছিলো না। মৃতদেহ ফিরায়ে আনার বিষয়ে অসহায় পরিবারকে প্রশাসনের পক্ষে যাবতীয় সহযোগিতা প্রদান করা হবে।’


নওগাঁ জেলা প্রশাসক  মোহাম্মদ সাইফুল ইসলাম সোনার দেশকে বলেন, ‘প্রবাসী আবু সাইদের মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যথাযথভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’