বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পাল্টা কমিটি গঠন প্রতিষ্ঠাবার্র্ষিকীর তোরণ স্থাপন নিয়ে উত্তেজনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পাল্টা কমিটি গঠন  প্রতিষ্ঠাবার্র্ষিকীর তোরণ স্থাপন নিয়ে উত্তেজনা

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের রেলওয়ে গেটে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ‘তৃণমুল বিএনপি’র পক্ষে এই পাল্টা কমিটি ঘোষনা করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী পৌর বিএনপির পাল্টা আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে ইসলাম হোসেন জুলেকে এবং সদস্য সচিব করা হয়েছে আনোয়ার হোসেন জনিকে।


উপজেলা কমিটির আহবায়ক করা হয়েছে মো. জাহাঙ্গীর আলমকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু (বর্তমানে বিএনপি থেকে বহিস্কৃত) তৃণমূল বিএনপির পক্ষে পাল্টা দুটি কমিটির অনুমোদন দেন। এর আগে সংবাদ সম্মেলনে পিন্টু বলেন, গত ২২ আগষ্ট রাতের অন্ধকারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির যে কমিটি ঘোষণা করা হয়েছে তার সঙ্গে তৃণমুল বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন, সে কারণে তৃণমুলের বিএনপির নেতা কর্মীদের কথা ভেবে পাল্টা এই কমিটি গঠন করা হয়েছে। 



দলীয় সূত্রে জানা গেছে, ৭ বছর পর গত ২২ আগষ্ট পাবনা জেলা বিএনপি ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেয়। জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত দলীয় প্যাডে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহবায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব এবং পৌর কমিটিতে মাহ্বুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।


এর আগে বিএনপির ওই কমিটি ঘোষণার পর থেকেই ঈশ্বরদীতে পদবঞ্চিত ও বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কমিটিতে দলের প্রকৃত ত্যাগীদের বাদ দিয়েই সুবিধাবাদীদের মূল্যায়ন করা হয়েছে মর্মে অভিযোগ তুলে দুই দফায় ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।


প্রতিষ্ঠাবার্র্ষিকীর তোরণ স্থাপন নিয়ে উত্তেজনা

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্র্ষিকী পালন নিয়ে ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। রোববার শহরের আলহাজ্ব মোড়ে একই স্থানে দুই পক্ষের তোরণ নির্মান করা নিয়ে সৃষ্ট উত্তেজনার এক পর্যায়ে উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের তোরন আলাদা স্থানে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলে ‘আপাতত’ উত্তেজনা থামে। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলীয় কর্মসূচীর আলাদা আয়োজন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এখনো রয়েছে বলে বেশ কয়েকজন নেতাকর্মীরা মন্তব্য করেছেন।


গতকাল রোববার শহরের আলহাজ্ব মোড়ে তোরন স্থাপনকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা ও পৌর বিএনপির এক পক্ষ আলহাজ্ব মোড়ে এবং অন্য পক্ষ শহরের পোষ্ট অফিস মোড়ে তোরণ স্থাপনে সম্মত হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা ও থানা প্রশাসন এবং বিএনপির উভয় পক্ষের নেতারা


। পৌর বিএনপির আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ বলেন, আমরা প্রথমে আলহাজ্ব মোড়ে তোরণ স্থাপন করতে চাইলেও সেখানে অন্য পক্ষের তোরণ নির্মানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংঘাত এড়াতে প্রশাসনের অনুরোধে আমরা পোষ্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর তোরন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির অপর পক্ষে পৌর বিএনপির পাল্টা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের অনুরোধে আমরা পূর্ব নির্ধারিত স্থানের অনতিদুরে সরিয়ে তোরণ স্থাপন করতে সম্মত হয়েছি। সেখানেই আমাদের তোরণ স্থাপন করা হচ্ছে। এসব বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বলেন, আলহাজ্ব মোড়ে বিএনপির দুই পক্ষের তোরণ স্থাপন করা নিয়ে উত্তেজনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।