বানেশ্বর বাজারে ‘মরণফাঁদ’ সড়ক, পাথরের আঘাতে ভাঙছে কাচ, ঝুঁকিতে ব্যবসায়ী-পথচারী
রাজশাহীর পুঠিয়া উপজেলার ব্যস্ততম বানেশ্বর বাজারের সড়ক যেন এখন ব্যবসায়ী ও পথচারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের স্থায়ী সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে পাথর। যানবাহনের চাকার আঘাতে ছিটকে পড়া এসব পাথরে ভাঙছে দোকানের কাচের দরজা। পাশাপাশি পথচারী ও ব্যবসায়ীদের শরীরেও পাথর লেগে আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এরই মধ্যে সোমবার (৩১ আগস্ট) সকালে বানেশ্বর বাজারের হাজী ওবায়দুল এন্ড সন্সের মার্সেল শোরুমের কাচের দরজা পাথরের আঘাতে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে শোরুমের সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে কাচের টুকরো। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে হাজী ওবায়দুল এন্ড সন্সের মার্সেল শোরুমের প্রোঃ নেওয়াজ শরিফ পাপ্পু জানান, সড়কের ওপর থাকা পাথর যানবাহনের চাকার আঘাতে ছিটকে এসে তাদের শোরুমের কাচের দরজায় লাগে। এতে কাচের দরজা ভেঙে যায়। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থার কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতির মধ্যে আছি। কখন পাথর ছিটকে এসে দোকানের কাচ ভেঙে দেয়, সেই আতঙ্কে থাকতে হয়।”
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের খামখেয়ালিপনা ও দীর্ঘসূত্রতার কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে আছে। মাঝে মধ্যে সংস্কারের নামে কিছু কাজ করা হলেও তা টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আবার পিচ উঠে পাথর বের হয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, বানেশ্বর বাজারে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় রাস্তার ওপর থাকা পাথরগুলো চাকার নিচ থেকে ছিটকে আশপাশের দোকানে গিয়ে পড়ে। এতে দোকানের কাচের দরজা ও শোকেস ভেঙে যাওয়ার পাশাপাশি ক্রেতা ও পথচারীদের শরীরেও পাথর লেগে আঘাতের ঘটনা ঘটছে।
জাহীদ নামের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকানে বসে ব্যবসা করব, নাকি কখন পাথর ছিটকে এসে কাচ ভাঙে কিংবা শরীরে লাগে সেটা নিয়ে আতঙ্কে থাকব, বুঝতে পারছি না।”
স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে পাথর সরিয়ে বা দায়সারা সংস্কার করে এই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন সড়কের টেকসই ও স্থায়ী সংস্কার।
ব্যবসায়ীরা বলছেন, বানেশ্বর বাজার রাজশাহী-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। অথচ গুরুত্বপূর্ণ এই বাজারের সড়কের এমন বেহাল দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ বলেন, র্দীঘদিন বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ করতে পারছেনা। অনেক বার রাস্তা বেশি খারাপ হওয়ার কারণে তারা কিছু সংস্কার করেছে। আবহাওয়া ভালো হলেই তারা কাজ শুরু করবে।
দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ব্যবসায়ীদের সম্পদের ক্ষতির পাশাপাশি যেকোনো সময় পথচারী বা ব্যবসায়ীর শরীরে পাথর লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পরিদর্শন করে স্থায়ী ও টেকসই সংস্কারের মাধ্যমে বানেশ্বর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।