গোদাগাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচির প্রচার কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত নারী সমাবেশে গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানার সভাপতিত্বে জেলা তথ্য অফিস, রাজশাহীর ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারের আলোকে অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষ রোপণ, খাল খনন, নারীর জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিষয়গুলোর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে।
প্রধান অতিথি বলেন, আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রথম বছরে ৫০ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করবেন। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকল কৃষক ‘কৃষক কার্ডের’ আওতায় আসবেন এবং এর মাধ্যমে কৃষকগণ বিভিন্ন সরকারি কৃষি প্রণোদনা, ভর্তূকি ও অন্যান্য সুবিধা সহজে লাভ করতে পারবেন। প্রধান অতিথি সরকারি সকল সুবিধা পাওয়ার ক্ষেত্রে যথাসময়ে ও নির্ভুলভাবে নিবন্ধনের জন্য সঠিক তথ্য প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গোদাগাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হামিদ মো. ওয়ালিউদ্দিন এবং স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুখলেসুর রহমানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক আব্দুল আহাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনি ইশতেহারের আলোকে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।