বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

পুলিশি প্রহরায় ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
পুলিশি প্রহরায় ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

পাবনার ঈশ্বরদীতে সংঘাতের আশঙ্কায় পুলিশি নিরাপত্তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল্টাপাল্টি কমিটির দুই পক্ষের পৃথক আয়োজনে পালন করা হয়েছে। কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিএনপি’র দুই পক্ষ।


মঙ্গলবার ঈশ্বরদী শহরের রেলওয়ে গেট এলাকায় দলীয় কার্যালয়ে এবং পোষ্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী প্রধান কার্যালয়ে বিএনপির আলাদা দুটি পক্ষ সমাবেশ ও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন মুল ধারার পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (দল থেকে বহিস্কৃত) জাকারিয়া পিন্টু অনুসারী নেতা-কর্মীরা।


মঙ্গলবার সকালে হাবিবুর রহমান হাবিব অনুসারী নেতা-কর্মীরা শহরের পোস্ট অফিস মোড়ে এবং জাকারিয়া পিন্টু অনুসারী নেতা-কর্মীরা রেলগেটে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুটি পক্ষের পক্ষ থেকে আলাদা শোভাযাত্রার আয়োজনে  পিন্টু পক্ষ মঙ্গলবার বিকেলে ও হাবিবুর রহমান হাবিব পক্ষ বুধবার বিকেলে শোভাযাত্রার আয়োজন করেছে।


বিএনপির বিবাদমান দুটি পক্ষের পৃথক কর্মসূচির কারণে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড় ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। পোষ্ট অফিস মোড়ে সমাবেশ, পতাকা উত্তোলনের সময় হাবিবুর রহমান হাবিরের অনুসারী উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ে নবগঠিত ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, তানজিরুল আলম মিটোসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


অপর দিকে রেলগেট ট্রাফিক মোড়ে সমাবেশ, পতাকা উত্তোলনের সময় জাকারিয়া পিন্টুর অনুসারী ‘তৃণমুল বিএনপি’র নবগঠিত পাল্টা কমিটির উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খান, জাহাঙ্গীর হোসেন খান, আবু বক্কার সিদ্দিক তুফান, মজিবর রহমান, পৌর বিএনপির পাল্টা কমিটির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক বিষ্টু কুমার সরকার, নান্নু রহমান, ইলিয়াস হোসেন এলবাস, খন্দকার তৌফিক আলম সোহেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুটি পক্ষেরই পৃথক কর্মসূচি রয়েছে। এ কারণে পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।