বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

জলবায়ু ন্যায্যতা ও সমতার বার্তা নিয়ে রাজশাহীতে তারুণ্যের উৎসব

নিজস্ব প্রতিবেদক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন
জলবায়ু ন্যায্যতা ও সমতার বার্তা নিয়ে রাজশাহীতে তারুণ্যের উৎসব

কেউ মঞ্চে উঠে বলছেন জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কথা, কেউ আবার কুইজের উত্তরে তুলে ধরছেন পরিবেশ রক্ষার নানা উপায়। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠেছিল রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ মিলনায়তন। জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতার বার্তা ছড়িয়ে দিতে সেখানে শুরু হয়েছে দুই দিনের ‘তারুণ্যের উৎসব’।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিউ গভঃ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়ামের সদস্য বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা ও ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শিখা সরকার উৎসবের উদ্বোধন করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, অধ্যাপক ড. মো. রাশেদ করিম, সহযোগী অধ্যাপক একেএম নুরুজ্জামান, গেটকা প্রকল্পের ফোকাল ও ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকরামুল হক, জেলা সমন্বয়কারী মদন দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে সচেতন ও নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। এ কাজে তরুণদের এগিয়ে নিতে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এসব আয়োজনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


আয়োজকেরা জানান, বুধবার (২ আগস্ট) উৎসবের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যানেল আলোচনা, যুব কার্যক্রমের উপস্থাপনা, রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা এবং পুরস্কার বিতরণ করা হবে। ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে বিএসডিও, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএনএস অংশীদারত্বের ভিত্তিতে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) আওতায় রাজশাহী ও নওগাঁ এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলায় গেটকা প্রকল্পটি বাস্তবায়ন করছে।