বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নাচোলে ইউএনও’র বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নাচোল প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাচোল প্রতিনিধি ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
নাচোলে ইউএনও’র বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও’র বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় দুই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত ওই দুই চেয়ারম্যান হচ্ছে কসবা চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 


ইউএনও’র বিরুদ্ধে জনসম্মুখে মানহানিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ আদেশ জারী করা হয়। 


আগস্ট মাসের ১০ আগস্ট তারিখে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ কর্মসূচিতে ফলাফল প্রত্যাখ্যান করে ইউপি চেয়ারম্যান নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন।


প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অপরাধমূলক কর্মকাণ্ডের পর তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।