বগুড়ায় উৎসব ও শ্রদ্ধায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এছাড়াও জেলার ১৩টি উপজেলাতেই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংশ্লিষ্ট বিএনপি’র কমিটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিসূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোওয়া মাহফিল, মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
একই দিনে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, শহর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাওসার আলী কলিন্সসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিবসটি ঘিরে বগুড়ার অন্যান্য ১২টি উপজেলাতেই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।