ঈশ্বরদীতে সংঘাতের আশঙ্কায় পুলিশের ব্যাপক নিরাপত্তায় বিএনপির শোভাযাত্রা
পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় উত্তেজনা ও সংঘাতের শঙ্কা ছিল। এ অবস্থা আঁচ করতে পেরে সংঘাত এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা বলয় তৈরী করে কড়া নিরাপত্তায় অবশেষে শোভাযাত্রা ও সমাবেশ সম্পন্ন হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ঈশ্বরদীতে এই শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু করে ঈশ্বরদীর পুরাতন মোটরস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল ঈশ্বরদীজুড়ে ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যের সৃষ্টি করে বিএনপির এ আয়োজন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের ভাষ্য, স্মরণকালের মধ্যে এত দীর্ঘ শোভাযাত্রা ও সমাবেশ ঈশ্বরদীতে দেখা যায়নি। এ নিয়ে গত দুদিন বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলেও জানান নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। শোভাযাত্রার অগ্রভাগে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ, গোয়েন্দা পুলিশ, র্যাব ও শতাধিক পুলিশ সদস্যরা সতর্ক প্রহরায় পুরো সময় বাড়তি সতর্ক অবস্থায় ছিলেন।
উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান সরকার বলেন, আগের দিন মঙ্গলবার বিএনপির এক পক্ষের শোভাযাত্রা শেষ হওয়ার পর গতকাল বুধবার ছিল অন্য পক্ষের শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন। প্রশাসন গোয়েন্দা তথ্যে জানতে পারে বিএনপির এ আয়োজনে দুই পক্ষের মধ্যে সংঘাত হওয়ার আশঙ্কা ছিল এ কারনে আগে থেকেই প্রশাসন সতর্ক অবস্থায় ছিল। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, পুলিশের কাছেও এমন তথ্য ছিল, এ কারনে অতিরিক্ত পুলিশ, র্যাব ও ডিবি পুলিশ সদস্যদের শোভাযাত্রা ও সমাবেশ স্থলে আগেই মোতায়েন করা হয়। থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, শোভাযাত্রায় যেন সামনে থেকে কোন হামলা না হয় সে জন্য শোভাযাত্রার অগ্রভাগে পুলিশ প্রশাসন সতর্ক প্রহরায় ছিল।
কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা শেষে শহরের পুরাতন মোটর স্ট্যান্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন প্রমুখ।