নাটোরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ হেলেনা বেগম (৬৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর রেলওয়ে স্টেশন বাজার এলাকার রফি ফার্মেসির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, এর উপ-পরিচালক রীফা রাওনাক নীতু নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত হেলেনা বেগম দিনাজপুর জেলার হিলি এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের মেয়ে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলেনা বেগমের কাছ থেকে টিস্যু শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসাদুর রহমান বাদী বাদী হয়ে বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।