নাটোরে চিকিৎসককে কুপিয়ে হত্যা
নাটোরে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তার চেম্বার আছে। সেখানেই তিনি চিকিৎসা দিতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মইনুল হক জানান, হাসপাতালে যারা ওই ব্যক্তিকে নিয়ে আসেন, তারা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বুকে ও পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে সেসব বিষয় উদঘাটন শেষে বিস্তারিত জানাতে পারব।